পাক গুপ্তচরকে গোপন তথ্য পাচারের অভিযোগ, কাঠগড়ায় বায়ুসেনার উইং কম্যান্ডার

দেশের অত্যন্ত গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় বায়ুসেনার এক উইং কম্যান্ডারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় দায়ের করা এই মামলাটি বর্তমানে পাটিয়ালা হাউস কোর্টে বিচারাধীন রয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি এই চার্জশিট পেশ করেছে। অভিযোগ, এক মহিলা পাক গুপ্তচরের প্রলোভনে পড়ে ওই আধিকারিক দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ফাঁস করেছেন।

তদন্তে জানা গেছে, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে অভিযুক্ত ওই আধিকারিক হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাক গুপ্তচরের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। রেস কোর্সের অফিসে নিষিদ্ধ আইফোন নিয়ে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকান। ফোনটি পরীক্ষা করার পরই বায়ুসেনার নজরে আসে যে, তিনি দেশের যুদ্ধ পরিকল্পনা, ড্রোনের সক্ষমতা এবং সেনা মোতায়েন সংক্রান্ত গোপন তথ্য পাচার করছেন।

অভিযোগ অনুযায়ী, ওই আধিকারিক লেহ এয়ারবেসের কার্যক্ষমতা এবং সেখান থেকে যুদ্ধবিমান উড্ডয়নের সক্ষমতা সংক্রান্ত বিস্তারিত তথ্য শত্রুপক্ষকে জানিয়েছিলেন। এছাড়া ড্রোন অপারেশনের সঙ্গে যুক্ত কর্মীদের ব্যক্তিগত তথ্যও তিনি পাচার করেছেন বলে দাবি করা হয়েছে। মহিলা গুপ্তচরের নগ্ন ছবির বিনিময়ে দেশের নিরাপত্তা নিয়ে এই ধরনের আপস করার বিষয়টি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *