বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় অন্ধ্র ও তামিলনাড়ুতে সতর্কতা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চল ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি শনিবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং রবিবার নাগাদ আরও শক্তিশালী হয়ে উঠবে। সোমবার সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঝড়ের অভিমুখ উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হতে পারে বলে প্রাথমিক অনুমান আবহবিদদের।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং অন্ধ্র উপকূলে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ঝড়ের গতিপথ ও স্থলভাগে প্রবেশের সময় তার তীব্রতা সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে আবহাওয়া দপ্তর।

পশ্চিমবঙ্গের ওপর এই ঝড়ের প্রভাব নিয়ে এখনও নিশ্চিত নন আবহবিদেরা। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *