বন্দে ভারত স্লিপার ট্রেনে নতুন নিয়ম: থাকছে না তৎকাল টিকিট, জেনে নিন বাতিলের শর্তাবলী
বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রীদের জন্য রেলের তরফে বিশেষ নিয়ম জারি করা হয়েছে। এই ট্রেনে ভ্রমণের জন্য যাত্রীদের আগে থেকে পরিকল্পনা করে সাধারণ কোটায় টিকিট কাটতে হবে। বন্দে ভারত স্লিপার ট্রেনে কোনো তৎকাল টিকিট ব্যবস্থা থাকছে না। এছাড়া আরএসি, ওয়েটিং লিস্ট বা পার্টলি কনফার্মড টিকিট নিয়ে এই ট্রেনে যাত্রা করা সম্ভব নয়। তাই টিকিট কাটার সময় যাত্রীদের কনফার্মড স্ট্যাটাস নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টিকিট বাতিলের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হয়েছে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ টাকা কাটা যাবে। তবে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। যাত্রীদের টিকিট কাটার সময় ট্রেনের নম্বর, যাত্রার তারিখ এবং সিটের অবস্থা ভালোভাবে যাচাই করে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে, যার মধ্যে ১১টি থ্রি-টায়ার এসি, চারটি টু-টায়ার এসি এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। সব মিলিয়ে এই ট্রেনে ৮২৩ জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারেন। বিইএমএল-এর তৈরি এই ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিমি। বর্তমানে হাওড়া-কামাখ্যা, বারাণসী-নয়াদিল্লি এবং বেঙ্গালুরু-মুম্বই রুটে এই ট্রেন পরিষেবা চালু রয়েছে।