ডিজিটাল ডেটা সুরক্ষায় বড় পদক্ষেপ কেন্দ্রের, চালু হলো কনসেন্ট ম্যানেজার পোর্টাল

নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (DPDP) আইনের অধীনে নতুন ব্যবস্থা চালু করেছে কেন্দ্র সরকার। ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক আনুষ্ঠানিকভাবে ‘কনসেন্ট ম্যানেজার’ রেজিস্ট্রেশনের জন্য একটি অনলাইন পোর্টাল লঞ্চ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন কোম্পানি কনসেন্ট ম্যানেজার হওয়ার জন্য আবেদন করতে পারবে। নিয়ম অনুযায়ী, ভারতে রেজিস্টার্ড কোম্পানিগুলোর ক্ষেত্রে কনসেন্ট ম্যানেজার হতে গেলে কমপক্ষে ২ কোটি টাকার নেটওয়ার্ক থাকা বাধ্যতামূলক। এই আইনের প্রধান নিয়মগুলি ২০২৭ সালের ১৩ মে থেকে পুরোপুরি কার্যকর হবে।

কনসেন্ট ম্যানেজার মূলত ব্যবহারকারী এবং ডেটা ব্যবহারকারী কোম্পানির মধ্যবর্তী একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ বা সংস্থাকে ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সেই অনুমতি প্রত্যাহারও করতে পারবেন। স্মার্টফোনে অ্যাপ ব্যবহারের সময় নাম, মোবাইল নম্বর, লোকেশন বা গ্যালারির অ্যাক্সেস দেওয়ার পর, ব্যবহারকারী এই পোর্টালের মাধ্যমে এক নজরে দেখতে পারবেন তিনি কাদের তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন। সম্মতি প্রত্যাহারের প্রক্রিয়াটিও অত্যন্ত সহজ রাখা হয়েছে।

নতুন এই আইনে কোম্পানিগুলোকে ডেটা ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মভঙ্গ করলে ‘ডেটা প্রোটেকশন বোর্ড অফ ইন্ডিয়া’ কঠোর পদক্ষেপ নিতে পারবে। ডেটা সুরক্ষায় গাফিলতি বা তথ্য চুরির মতো ঘটনায় কোম্পানিগুলোকে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এই আইনের ফলে সাধারণ ব্যবহারকারীরা তাঁদের ব্যক্তিগত তথ্য সংশোধন, ডিলিট বা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর পূর্ণ অধিকার পাবেন, যা তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর জবাবদিহিতা বহুগুণ বাড়িয়ে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *