পাকিস্তানের সন্ত্রাসবাদী মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি, তোপ মনীশ তিওয়ারির
দিল্লিতে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) বৈঠকে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লির পুরনো কেল্লায় এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তান তাদের জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সমন্বয় বিষয়ক মন্ত্রী মুসাদিক মাসুদ মালিককে মনোনীত করেছে। তবে এই অংশগ্রহণকে কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন কংগ্রেস সাংসদ।
মনীশ তিওয়ারির মতে, এসসিও একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক মঞ্চ এবং নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলো তাদের প্রতিনিধি পাঠায়। তাই পাকিস্তানের মন্ত্রীর এই বৈঠকে যোগ দেওয়াকে বিশেষ কোনো ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের উপস্থিতি থাকলেও তাদের মূল নীতি বা মানসিকতায় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। ভারতের বিরুদ্ধে সীমান্তপার সন্ত্রাসবাদ মদত দেওয়ার প্রশ্নে পাকিস্তান আজও আগের মতোই অনড় রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কংগ্রেস নেতার দাবি, ভারত বারবার আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ বন্ধ করার দাবি জানালেও পাকিস্তান তার কোনো বাস্তবায়ন করেনি। তিনি প্রশ্ন তোলেন, পাকিস্তান নিজের দেশের ভেতর যে সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করে রেখেছে, তার বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপই নেয়নি। অতীতে পরিস্থিতি যেমন ছিল, আজও তা অপরিবর্তিত রয়েছে। এসসিও-র মতো মঞ্চে অন্য দেশের প্রতিনিধিরা যোগ দিলেও পাকিস্তানের সন্ত্রাসপ্রবণ নীতি যে বদলায়নি, তা আবারও জোরালোভাবে তুলে ধরেছেন মনীশ তিওয়ারি।