ব্রেকিং সিস্টেম অচল রেখেই ৪৬৩ কিমি চলল বন্দে ভারত, রেলের তদন্তে গাফিলতির প্রমাণ

গত ২৪ অক্টোবর ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি বন্দে ভারত ট্রেনের রেক মালগাড়ির ইঞ্জিনে করে নিয়ে যাওয়ার সময় বড়সড় গাফিলতির ঘটনা প্রকাশ্যে এসেছে। রেলের নিয়ম অনুযায়ী, বন্দে ভারত ট্রেনের ব্রেকিং সিস্টেমের সঙ্গে মালগাড়ির ইঞ্জিন সঠিকভাবে যুক্ত থাকার কথা থাকলেও তা করা হয়নি। ট্রেনটি সম্পূর্ণ ফাঁকা থাকায় বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।

অভিযোগ, ট্রেন ছাড়ার আগেই রেলকর্মীরা ব্রেকের সমস্যা নিয়ে সতর্ক করেছিলেন। হাতিয়া থেকে রওনা হওয়ার পর লোকোপাইলট ব্রেক টেস্ট করতে গিয়ে দেখেন সিস্টেমটি প্রায় অচল। রাঁচী ও মুরি স্টেশনে পৌঁছানোর পর লোকোপাইলটরা কন্ট্রোল রুমে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাননি। ব্রেক পাইপ প্রেশার কমানোর পরেও ব্রেক কাজ না করায় শুধুমাত্র ইঞ্জিনের ব্রেকের ভরসাতেই ট্রেনটি ৪৬৩ কিলোমিটার পথ পাড়ি দেয়।

অবশেষে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে পৌঁছানোর পর পরীক্ষা করে দেখা যায়, ট্রেনের প্রতিটি কোচের ব্রেকিং সিস্টেমই অচল ছিল। গত ৭ নভেম্বর রাঁচীর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এই ঘটনায় তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে ক্যারেজ ও ওয়াগন কর্মীদের পাশাপাশি সেকশন ও ট্রাকশন কন্ট্রোলারদের চরম গাফিলতি ধরা পড়েছে। ট্রেন ছাড়ার আগে ব্রেক পরীক্ষা না করা এবং বারবার সতর্কবার্তা পাওয়ার পরেও কেন এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *