থাইল্যান্ডের ফুকেতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই মৃত্যু ১১ জনের
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেতের পাটং বিচের কাছে একটি চারতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার ভোর ৩টে ১৭ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের নিচতলায় অবস্থিত একটি গাড়ি ভাড়ার অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলোতে, যেখানে রেস্তরাঁ ও বেশ কিছু ভাড়াবাড়ি ছিল।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনটির ভেতর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে থাইল্যান্ডের পাশাপাশি মিয়ানমারের নাগরিকরাও রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। এছাড়া ১৬ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং বিস্ফোরণের ফলে ভাঙা কাচের আঘাতে তারা জখম হয়েছেন।
ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। থাইল্যান্ডের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্রগুলোর অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়ে এই ঘটনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে ব্যাংককের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের প্রাণহানির নজির রয়েছে, যা পর্যটকদের নিরাপত্তা ও সরকারি নজরদারি নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।