ইতালীয় নেতার মন্তব্যে বিতর্ক, ভিসা নিয়ম লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি ও বিআরএস

গত ১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদে তেলেঙ্গানা সরকারের উদ্যোগে আয়োজিত ‘ভারত সামিট’-এ ইতালীয় নেতা জিয়াকোমো ফিলিবেকের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’-এর সাধারণ সম্পাদক ফিলিবেক মঞ্চে বক্তব্য রাখার সময় ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করেন এবং নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেন। তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আন্দোলনের সমর্থনেও কথা বলেন।

এই ঘটনার পর বিজেপি এবং বিআরএস তীব্র আপত্তি জানিয়েছে। তেলেঙ্গানা বিজেপির নেতারা অভিযোগ করেছেন যে, একজন বিদেশি নাগরিকের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা ভিসা নিয়মের পরিপন্থী। তারা ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট’ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এফআরআরও এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

সরকারি সূত্রের তরফে জানানো হয়েছে, বিদেশি নাগরিকরা যে ভিসাতেই ভারতে আসুন না কেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা ভিসা নিয়ম লঙ্ঘনের শামিল। অন্যদিকে, কংগ্রেসের দাবি, গণতন্ত্র এবং নির্বাচনের স্বচ্ছতা বিশ্বব্যাপী আলোচনার বিষয় এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *