২৯৮ বছরে পদার্পণ কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার পুজো, থাকছে বিশেষ চমক

কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার পুজো এ বছর ২৯৮ বছরে পদার্পণ করল। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হওয়া এই প্রাচীন পুজো ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। প্রতি বছরের মতো এবারও দেবীকে ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা ও রুপোর গহনায় সাজিয়ে তোলা হবে। মুকুট, চিক, মালা, সীতাহার, বালা, মানতাসা ও নূপুরসহ বিভিন্ন জড়োয়ার গয়নায় দেবী সেজে উঠবেন। ভক্তদের বিশ্বাস, মানত পূর্ণ হলে তাঁরা এই গয়না নিবেদন করেন, যা দিয়েই বছরের পর বছর ধরে দেবীকে সাজানো হয়।

এ বছর পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে মন্দিরে নতুন নিয়ম চালু হচ্ছে। এতদিন পুজোর মরসুম ছাড়া মন্দিরে প্রতিমা থাকত না, তবে এবার থেকে সারা বছর ভক্তরা পুজো দেওয়ার সুযোগ পাবেন। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর চরণ স্থাপন করা হচ্ছে। কাঁসার থালায় রাখা এই চরণদ্বয়ের উদ্বোধন হবে ১৮ নভেম্বর বাৎসরিক পুজোর দিন। এরপর থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দু’বেলা ভক্তরা সেখানে পুজো দিতে পারবেন।

উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর দুপুর ১২টা থেকে মানতের সামগ্রী গ্রহণ শুরু হবে এবং সন্ধ্যায় দেবীকে অলংকারে সাজানো হবে। প্রথা মেনে ১৮ নভেম্বর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হবে। ভোর ৫টা ৫৮ মিনিটে পুজো শুরু হয়ে সকাল সাড়ে ৯টা, দুপুর ১২টা ও বিকেল সাড়ে ৩টেয় পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ১৯ নভেম্বর সকাল ৭টা ২২ মিনিটে নিরঞ্জনের পুজো সম্পন্ন হবে এবং প্রতিবছরের মতো ভক্তদের কাঁধে চেপেই জলঙ্গি ঘাটে বিসর্জনের উদ্দেশ্যে যাত্রা করবেন বুড়িমা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *