মুম্বই বিস্ফোরণের ষড়যন্ত্রের কেন্দ্রস্থল হজী ইসমাইল মুসাফিরখানা ভাঙার উদ্যোগ

দক্ষিণ মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকার পাকমোড়িয়া স্ট্রিটে অবস্থিত ঐতিহাসিক ‘হজী ইসমাইল হাজী হাবিব মুসাফিরখানা’ ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। রাস্তা সম্প্রসারণ এবং ভবনটিকে ‘সি-১’ শ্রেণির অতি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৩৯ সালে হজযাত্রীদের আশ্রয়ের জন্য নির্মিত এই ভবনটি পরবর্তীকালে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের অপরাধ জগতের প্রধান কার্যালয় হিসেবে পরিচিতি পায়। তদন্তকারী সংস্থার নথিতে উল্লেখ রয়েছে যে, ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ব্লু-প্রিন্ট তৈরিতে এই ভবনের দ্বিতীয় তলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

দাউদ ইব্রাহিম দেশ ছাড়ার পর মহারাষ্ট্র সরকার ভবনটি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু করে। টাডা এবং সাফেমার আইনের আওতায় আদালতের নির্দেশে দাউদের পরিবারের ব্যবহৃত অংশ বাজেয়াপ্ত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে সুপ্রিম কোর্ট দাউদের পরিবারের আবেদন খারিজ করে দেয়। ২০১৫ সালে ‘হজী ইসমাইল হাজী হাবিব মুসাফিরখানা ট্রাস্ট’ ভবনটি ‘সাইফি বুরহানি আপলিফটমেন্ট ট্রাস্ট’-এর কাছে বিক্রি করে দেয়। বম্বে হাইকোর্ট ২০২০ সালেই ভবনটি ভাঙার অনুমতি প্রদান করেছিল।

তবে বর্তমানে ভবনের প্রথম তলার ১০টি ঘর এবং নিচের তলার একটি প্রার্থনাস্থল ভাঙার নোটিশ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গত ১৬ নভেম্বর বিএমসি নতুন নোটিশ জারি করলে স্থানীয় বাসিন্দা এবং মহারাষ্ট্র ওয়াকফ বোর্ড তীব্র আপত্তি জানায়। তাদের দাবি, ওই অংশটি প্রায় ১৪০ বছরের পুরনো মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি। যদিও ওয়াকফ ট্রাইব্যুনাল এর আগে এটিকে ওয়াকফ সম্পত্তি নয় বলে রায় দিয়েছিল। এই আইনি জটিলতা এবং রাজনৈতিক বিরোধের জেরে দাউদের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক কাঠামোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *