ডিলিমিটেশন বিলের সমর্থনে সাংসদ কেনাবেচার বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের

ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাস বিলকে কেন্দ্র করে সাংসদ কেনাবেচার বিস্ফোরক অভিযোগ তুললেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। ছত্রপতি সম্ভাজীনগরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, এই বিলের সমর্থনে সাংসদদের মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে। রাউতের অভিযোগ অনুযায়ী, প্রথমে সাংসদদের জন্য ১০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও মাত্র দু’দিনের মধ্যে সেই অঙ্ক বাড়িয়ে ১৫০ কোটি টাকা করা হয়েছে। তবে নিজের এই দাবির স্বপক্ষে তিনি কোনও নির্দিষ্ট প্রমাণ বা সাংসদের নাম প্রকাশ করেননি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনঘন মুম্বই সফর নিয়েও প্রশ্ন তুলেছেন রাউত। তাঁর অভিযোগ, মুম্বইকে কেন্দ্র করেই এই আর্থিক লেনদেনের পরিকল্পনা চলছে এবং এখান থেকেই সাংসদদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। তিনি এই পুরো বিষয়টিকে ‘পলিটিক্যাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ বলে কটাক্ষ করেছেন। রাউতের দাবি, পাঁচ বছর আগে বিধায়ক ও সাংসদদের কেনাবেচার যে দর ছিল, বর্তমানে তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এমনকি একনাথ শিন্ডের শিবিরে যাওয়া সাংসদদেরও টাকা দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, ডিলিমিটেশন বিল এবং ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে জাতীয় রাজনীতিতে জোর চর্চা চলছে। বিরোধীদের আশঙ্কা, এই বিল কার্যকর হলে উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে আসন সংখ্যা ও রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলির তুলনায় হিন্দিবলয়ের রাজ্যগুলিতে আসন সংখ্যা বাড়লে কেন্দ্রে শাসক দলের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। লোকসভায় বিলটি নিয়ে জল্পনা ও বিশেষ অধিবেশনের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *