নিট প্রশ্নফাঁস মামলা: ১৪ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন, ২৫ নভেম্বর থেকে শুনানি
নিট প্রশ্নফাঁস মামলায় ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত। বিশেষ বিচারক অজয় গুপ্তের এজলাসে অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। সিবিআইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে আগামী ২৫ নভেম্বর থেকে এই মামলার প্রতিদিনের শুনানি শুরু হবে। এর মাধ্যমে দীর্ঘ তদন্ত পর্ব পেরিয়ে মামলাটি এখন বিচারের পর্যায়ে প্রবেশ করল।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এনটিএ-র তিন কর্মী মনীষা গুরুনাথ মান্ধারে, পি ভি কুলকার্নি এবং মনীষা সঞ্জয় হাভালদারের বিরুদ্ধে মূল ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং সরকারি কর্মী হিসেবে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, তাঁরা অন্য অভিযুক্তদের সঙ্গে যোগসাজশে বেআইনিভাবে পরীক্ষার গোপন প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন।
মামলার বাকি ১১ জন অভিযুক্ত হলেন তেজস হর্ষদ কুমার শাহ, শিবরাজ মোতেগাঁওকর, মনোজ শিরুরে, মনীষা ওয়াঘমারে, ধনঞ্জয় লোকান্ডে, শুভম খৈরনার, যশ যাদব, মঙ্গলিলাল বিওয়াল, দীনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল এবং শেষরাও সূর্যবংশী। এই ব্যক্তিদের বিরুদ্ধে প্রশ্নপত্র বেআইনিভাবে ছড়িয়ে দেওয়া এবং গোপন তথ্যের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধেও দুর্নীতি দমন আইন ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ধারায় চার্জ গঠন করা হয়েছে। আদালত আগেই জানিয়েছিল যে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা ও পরীক্ষায় অনিয়মের প্রাথমিক প্রমাণ রয়েছে।