ইন্দোনেশিয়ার উপকূলে বিস্ফোরক বোঝাই চিনা জাহাজ আটক, গন্তব্য ছিল বাংলাদেশ
ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় এমভি স্টার লাইন নামের একটি চিনা জাহাজ আটক করেছে সে দেশের নৌবাহিনী। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল, যার মধ্যে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামক কৌশলগত রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। এই রাসায়নিক অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত হয় এবং মর্টার ও ছোট রকেট তৈরিতে কাজে লাগে।
জানা গেছে, চিন থেকে বিস্ফোরক বোঝাই এই জাহাজটি বাংলাদেশে যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য বেলাওয়ান জলসীমায় অবস্থান করছিল। এ সময় ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহবশত সেটিকে আটক করা হয়।
এই ঘটনায় চিন, বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নয়াদিল্লি এই ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে এবং ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইন্দোনেশিয়ার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। ২০০৪ সালে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ চিনা অস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ভারত পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে নজরদারি বাড়িয়েছে।