হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক, ভেন্টিলেশনেই রয়েছেন

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। সোমবার সকালেও তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এবং তাঁর জ্ঞান ফেরেনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শরীরে বিষক্রিয়ার পাশাপাশি মস্তিষ্কেও তার প্রভাব পড়েছে। দ্রুত অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকদের বিশেষ নজরদারিতে রয়েছেন তিনি।

সোমবার দুপুরে হাসপাতালের তরফে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হতে পারে, যার মাধ্যমে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। গত শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। প্রথমে তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সিসিইউতে ভর্তি থাকলেও অবস্থার বিশেষ পরিবর্তন না হওয়ায় রবিবার তাঁকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

রবিবার হাসপাতালে গিয়ে রেখা পাত্রের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে ঠিক কী কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হয়ে বিধায়ক হন রেখা পাত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *