মুম্বইয়ে অবৈধভাবে বসবাসকারী ৭ বাংলাদেশি নাগরিক গ্রেফতার, শুরু তদন্ত

মুম্বইয়ের ঘাটকোপার এলাকা থেকে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করার অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘাটকোপার পুলিশের এটিসি শাখা জাগৃতি নগর এবং সংলগ্ন এলাকায় একটি তল্লাশি অভিযান চালায়।

প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে আটক করার পর জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসংগতি ধরা পড়ে। এরপর তাদের ব্যাগ ও মোবাইল ফোন তল্লাশি করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং জন্ম শংসাপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই সাতজন গত দশ মাস ধরে থানে জেলার ডোম্বিভলি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন এবং দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ভারতে বসবাসের জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা ভিসা তারা দেখাতে পারেননি।

ধৃতদের নাম মহম্মদ বদরুজ্জামান নজরুল ইসলাম মোড়ল, সোহাগ আব্দুল হান্নান রানা, মনির কালু ফকির, বিপ্লব মহম্মদ জাহাঙ্গীর বাবলু হুসেন, নাইম মিজানুর রহমান শেখ, সাজিদ মহম্মদ শাহজাহান হাওলাদার এবং রাকিব মহম্মদ আবু নাসের হুসেন। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

পাশাপাশি, পুলিশ এই বিষয়টিও খতিয়ে দেখছে যে তারা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং তাদের আশ্রয় দেওয়ার পেছনে কোনো চক্র সক্রিয় রয়েছে কি না। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই অভিযান চালানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *