প্রসাধনী ও ফেয়ারনেস ক্রিম বিক্রিতে রাশ টানছে স্বাস্থ্য দফতর, লাইসেন্স বাধ্যতামূলক করার পরিকল্পনা

ফেয়ারনেস ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী ব্যবহারের ফলে শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির মোকাবিলায় প্রসাধনী বিক্রির ক্ষেত্রে রাশ টানতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এখন থেকে রূপচর্চার সামগ্রী বিক্রির জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনলাইনে এই ধরনের পণ্য বিক্রির ক্ষেত্রেও বিশেষ নির্দেশিকা তৈরি করা হবে। এই বিষয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার দিকে নজর রাখতে নতুন ব্যবস্থা চালু করছে স্বাস্থ্য দফতর। এর জন্য কেন্দ্রীয় মনিটরিং সেন্টার ও রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে এক ছাতার তলায় আনা হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, ক্যানসারের ওষুধ এবং শিশুদের ওষুধের ওপর বাড়তি নজরদারি চালানো হবে। পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করা হবে।

নতুন এই ব্যবস্থায় চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের পাশাপাশি রোগী এবং তাঁদের পরিজনরাও সরাসরি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। এর জন্য একটি বিশেষ অনলাইন অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করা হবে। ওষুধের গুণমান ও ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করতেই স্বাস্থ্য দফতর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *