নবান্নের অদূরে ভয়াবহ বাস দুর্ঘটনা, বারাসতগামী বাসের ধাক্কায় আহত সিভিক ভলান্টিয়ার সহ ২

সপ্তাহের প্রথম কর্মদিবসে হাওড়ার নবান্ন চত্বরে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল স্থানীয়রা। সাঁতরাগাছি থেকে বারাসতগামী একটি যাত্রীবাহী বাস দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

দ্রুতগতিতে থাকা বাসটি প্রথমে রাস্তায় থাকা দুটি মোটরবাইক ও একটি মারুতি গাড়িতে সজোরে ধাক্কা মারে। এরপর বাসটি রাস্তার ধারের একটি ট্রাফিক সিগন্যালের স্তম্ভে গিয়ে আছড়ে পড়ে। এই দুর্ঘটনায় এক বাইকচালক এবং কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়েই ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার জেরে ব্যস্ততম ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়। পরে ব্রেকডাউন ভ্যান এনে ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই বাসচালক পলাতক। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে নাকি চালকের গাফিলতি ছিল, তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। প্রশাসনিক ভবনের কাছে এই ধরনের ঘটনায় পথচারী ও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *