হুগলিতে ঘূর্ণিঝড় আকভানে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ: ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ধান কেনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলি জেলার কৃষিজমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধান কাটার মরসুমে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠেই নষ্ট হয়ে গেছে কৃষকদের পাকা ধান। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ২৬ হাজার ৯৫৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৬৪ হেক্টর আমন ধান, ১৭২ হেক্টর সর্ষে, ৭০৭ হেক্টর মসুর ডাল এবং ১৫ হেক্টর জমির ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গোঘাট ১ ও ২, আরামবাগ এবং খানাকুল ১ ও ২ ব্লকে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। কৃষকদের ২৬ নভেম্বরের মধ্যে কৃষি রক্ষক হেল্পলাইন নম্বর ১৪৪৪৭, হোয়াটসঅ্যাপ নম্বর ৭০৬৫৫১৪৪৪৭ অথবা পিএমএফবিওয়াই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। পাশাপাশি, প্রতিটি ব্লকের বিডিওদের দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের থেকে ধান কেনা হবে।

সরকারিভাবে আগামী ১ ডিসেম্বর থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। হুগলি জেলায় মোট তিন লক্ষ ২৭ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষকদের ই-প্যাডি পোর্টালে কেওয়াইসি এবং বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ নাম নথিভুক্ত করতে হবে। প্রতিটি পরিবার থেকে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান কেনা হবে। প্রতি কুইন্টাল ধানের জন্য কৃষকরা ২৪৪১ টাকা পাবেন, এবং খাদ্য দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ২০০ টাকা মিলিয়ে মোট ২৬৪১ টাকা দেওয়া হবে। সরকার অনুমোদিত সিপিসি কেন্দ্রগুলিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধান কেনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *