রাজারহাটের আটঘরায় বাগানবাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
রাজারহাটের কালিকাপুরের আটঘরা এলাকায় একটি বাগানবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে রাজারহাট থানার পুলিশ। জানা গেছে, মৃত ওই যুবক বাগানবাড়িটি ভাড়া নিয়ে থাকতেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের কানে ব্লুটুথ হেডফোন লাগানো ছিল এবং তাঁর পাশেই মোবাইল ফোনটি পড়েছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে মৃত্যুর সময় তিনি কারও সঙ্গে ফোনে বা ভিডিও কলে কথা বলছিলেন কি না। উদ্ধার হওয়া মোবাইল ফোনটির কল রেকর্ড এবং অন্যান্য তথ্য পরীক্ষা করা হচ্ছে।
তদন্তে আরও জানা গেছে, ঘটনার দুদিন আগে ওই যুবকের এক বন্ধু বাগানবাড়িতে এসেছিলেন এবং রাতে তাঁরা দুজনে একসঙ্গেই ছিলেন। সকালে ঘুম থেকে উঠে ওই বন্ধু দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এরপর তিনি স্থানীয় এক ব্যক্তিকে ফোন করেন। সেই ব্যক্তি এসে গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ বর্তমানে ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।