নির্বাচন কমিশনারের সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক অজয় সিং

মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস বিধায়ক অজয় সিংয়ের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটি ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। গত ২৩ নভেম্বর ভোপালে একটি ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জ্ঞানেশ কুমার। সেই অনুষ্ঠানেই কংগ্রেস নেতা অজয় সিংয়ের সঙ্গে তাঁর দেখা হয়।

পরে সেই সাক্ষাতের ছবি অজয় সিং নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনকে নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান এবং রাজ্যের নেতাদের আচরণের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনারের সমালোচনা করেছেন। অথচ তাঁর দলেরই প্রবীণ নেতা কেন কমিশনারের সঙ্গে ছবি তুলে তা প্রচার করছেন, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি মুখপাত্র দুর্গেশ কেশওয়ানি। বিজেপির দাবি, এই ঘটনা কংগ্রেসের রাজনৈতিক অবস্থানের দ্বিচারিতা প্রমাণ করে। উল্লেখ্য, অজয় সিং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের ছেলে এবং রাজ্যের রাজনীতিতে পরিচিত মুখ। বিয়ের অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাতের সময় নির্বাচন বা কমিশন সংক্রান্ত কোনো আলোচনা হয়েছিল কি না, তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও এই ছবিকে হাতিয়ার করে কংগ্রেসকে বিঁধতে ছাড়ছে না পদ্ম শিবির। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *