দিনহাটায় সদ্যোজাতের জন্মশংসাপত্র নিয়ে জটিলতা: দু’মাস পর প্রশাসনের হস্তক্ষেপে মিলল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

কোচবিহারের দিনহাটা-২ ব্লকের খাটামারি এলাকার বাসিন্দা আব্দুল হাবিব ও আলমিনা খাতুনের সদ্যোজাত সন্তানের জন্মশংসাপত্র প্রাপ্তি নিয়ে দীর্ঘ জটিলতা দেখা দিয়েছিল। গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁদের সন্তানের জন্ম হলেও, এসআইআর-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় প্রয়োজনীয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেতে সমস্যায় পড়েন এই দম্পতি।

বিধায়কের দফতর থেকে প্রয়োজনীয় নথি না মেলায় এবং পঞ্চায়েত প্রতিনিধিরা পদত্যাগ করায় শংসাপত্র সংগ্রহ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে পরিবারটিকে দীর্ঘ দু’মাস ধরে হয়রানির শিকার হতে হয়।

বিষয়টি জনসমক্ষে আসার পর জেলা প্রশাসন তৎপর হয়। শুক্রবার স্থানীয় অঞ্চল অফিসের কর্মীরা আব্দুল হাবিবকে ডেকে পাঠান এবং তাঁর কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন। এরপর তাঁকে দিনহাটা-২ ব্লকের বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে বিডিও স্বয়ং তাঁর হাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে দেন।

প্রশাসনের এই পদক্ষেপে আব্দুল হাবিব কিছুটা স্বস্তি পেলেও, সন্তানের জন্মশংসাপত্র হাতে না পাওয়া পর্যন্ত তাঁর দুশ্চিন্তা কাটছে না বলে জানিয়েছেন। তিনি দ্রুত হাসপাতালের প্রক্রিয়া সম্পন্ন করে জন্মশংসাপত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন বলে জানান। তবে এই বিষয়ে দিনহাটা-২ ব্লকের বিডিও-র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *