ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে কংগ্রেসের কড়া অবস্থান, রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদীয় কৌশল কমিটির বৈঠক

প্রস্তাবিত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিলের তীব্র বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। শুক্রবার নয়াদিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে আয়োজিত কংগ্রেসের সংসদীয় কৌশল কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, সংসদে দলের পর্যাপ্ত সংখ্যা থাকুক বা না থাকুক, এই বিলের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবেন। তাঁর মতে, বিজেপি কেবল রাজনৈতিক লাভের উদ্দেশ্যেই এই বিলটি পুনরায় সংসদে উত্থাপন করছে।

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, লোকসভায় বর্তমান আসন সংখ্যা বজায় রাখা এবং সেই ভিত্তিতেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের দাবি জানিয়েছে দল। পাশাপাশি, আগামী ২৫ বছর পর্যন্ত বিভিন্ন রাজ্যের আসন সংখ্যার অনুপাত অপরিবর্তিত রাখার পক্ষেও তারা। গগৈয়ের অভিযোগ, ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে সরকার ভোটারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং নির্বাচন কমিশনকে এই কাজে ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে সংসদের বিশেষ অধিবেশনে সংবিধান সংশোধনীসহ একাধিক বিল উত্থাপন করা হলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে তা পাশ হয়নি। তবে এবার বিজেপি প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পেরেছে বলে কংগ্রেসের অন্দরে ধারণা তৈরি হয়েছে। ডিএমকে এবং এনসিপি-র একাংশের অবস্থান পরিবর্তনের পাশাপাশি এনডিএ-তে নতুন শরিকদের যোগদানের ফলে সমীকরণ বদলেছে। আগামী সোমবার সংসদ অধিবেশন শুরু হলে এই বিলগুলোর সংশোধিত সংস্করণ উত্থাপন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *