ইতালির স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভর্তির সীমা
ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিজ গত ২৬ নভেম্বর একটি বিতর্কিত শিক্ষা আইন অনুমোদন করেছে। এই নতুন আইনের আওতায় স্কুল প্রাঙ্গণে বোরকা ও নেকাবের মতো মুখ ঢাকা পোশাক পরিধান নিষিদ্ধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশের মানোন্নয়নের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হিজাব পরিধানে কোনো নিষেধাজ্ঞা নেই, কারণ এটি মুখ ঢাকে না।
বিশেষ স্বাস্থ্যগত কারণে মুখ ঢাকার অনুমতি থাকলেও, নিয়ম ভঙ্গ করলে ২০০ থেকে ১,০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেও বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রথম বর্ষের ক্লাসে সেইসব বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের বেশি হতে পারবে না, যাদের ইতালীয় ভাষায় পর্যাপ্ত জ্ঞান নেই। সরকার জানিয়েছে, ভাষার সমস্যার কারণে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনায় যে অসুবিধা হয়, তা দূর করতেই এই ভারসাম্য আনা হয়েছে। যদি কোনো স্কুলে নির্ধারিত সীমার বেশি বিদেশি শিক্ষার্থী থাকে, তবে তাদের নিকটবর্তী অন্য স্কুলে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। এছাড়াও, যেসব অভিভাবকের ইতালীয় ভাষার দুর্বলতা তাদের সন্তানদের শিক্ষায় প্রভাব ফেলছে, তাদের জন্য বিনামূল্যে ভাষা কোর্সের ব্যবস্থা করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিরোধীদের অভিযোগ, এই আইন বৈষম্যমূলক এবং এটি বিদেশি পরিবারগুলোর প্রতি বিদ্বেষ বাড়াতে পারে। ভোটাভুটির সময় বিরোধী সংসদ সদস্যরা সংসদে পোস্টার প্রদর্শন করে তাদের প্রতিবাদ জানান। তাদের মতে, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত না করে বরং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের সংখ্যা বাড়ানোর দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত।
তবে শিক্ষামন্ত্রী জিউসেপ ভালদিতারা এই আইনকে সমর্থন করে বলেছেন যে, ইতালীয় ভাষার জ্ঞান এবং নিয়মানুবর্তিতা স্কুলে একীকরণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এই আইনে ডিজিটাল পাঠ্যপুস্তক এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।