সংসদের বিশেষ অধিবেশনে লোকসভার আসন বৃদ্ধি ও মহিলা সংরক্ষণ বিল পেশের প্রস্তুতি

কেন্দ্রীয় সরকার সংসদের বিশেষ অধিবেশনে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত তিনটি নতুন বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন বিরোধী দলের আপত্তির কথা মাথায় রেখে বিলের খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।

জানা গেছে, লোকসভায় বকেয়া থাকা সীমানা পুনর্বিন্যাস ও কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত পুরনো বিলগুলি প্রথমে প্রত্যাহার করা হবে। এরপর নতুন ১৩১তম ও ১৩২তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত একটি বিল সংসদে পেশ করা হবে।

নতুন প্রস্তাব অনুযায়ী, লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা রয়েছে। দক্ষিণের রাজ্যগুলির উদ্বেগের কথা বিবেচনা করে আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। তামিলনাড়ুসহ দক্ষিণের রাজ্যগুলির দাবি মেনে সিদ্ধান্ত হয়েছে যে, ভৌগোলিক সীমানা ২০১১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত হলেও, রাজ্যওয়ারি আসনের আনুপাতিক হার ১৯৭১ সালের জনগণনা মেনেই স্থির করা হবে। এছাড়া আগামী ২৫ বছর অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত এই আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে। লাক্ষাদ্বীপ বা আন্দামান ও নিকোবরের মতো ছোট কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই আসন বৃদ্ধির নিয়মের আওতার বাইরে থাকবে।

মহিলা সংরক্ষণের ক্ষেত্রে ১৫ বছরের মেয়াদের প্রস্তাব রাখা হয়েছে, যা পরবর্তীতে সরকার চাইলে বাড়াতে পারবে। প্রতি মেয়াদের পর সংরক্ষিত আসনগুলি আবর্তন বা রোটেশন পদ্ধতিতে পরিবর্তিত হবে। সরকার বিলগুলি পাশ করানোর বিষয়ে আত্মবিশ্বাসী এবং সংসদীয় প্রথা মেনে তা রাজ্য বিধানসভাগুলির কাছেও পাঠানো হবে। সংসদে এই বিলগুলি নিয়ে দীর্ঘ বিতর্কের পর ভোটাভুটির পরিকল্পনা রয়েছে। বিল পাশ হওয়ার পর দ্রুত সীমানা পুনর্বিন্যাস কমিশন গঠন করা হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *