দাম্পত্যে নীরবতা: কখন বিপদ, কখন প্রয়োজন?

দাম্পত্য জীবনে ঝগড়া বা মতবিরোধের সময় সঙ্গীর হঠাৎ চুপ করে যাওয়া সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যার কারণ হতে পারে। মনোবিজ্ঞানের পরিভাষায় একে ‘ডিমান্ড উইথড্র’ বা ‘স্টোনওয়ালিং’ প্যাটার্ন বলা হয়। এই পরিস্থিতিতে একজন আলোচনার জন্য চাপ দেন, আর অন্যজন নিজেকে গুটিয়ে নেন।

গবেষকদের মতে, এই ধরনের আচরণ সম্পর্কের সন্তুষ্টি কমিয়ে দেয় এবং দ্বন্দ্ব নিরসনের পরিবর্তে দূরত্ব বাড়িয়ে তোলে। ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা বা কথা বলা বন্ধ রাখা একধরনের মানসিক নির্যাতন হিসেবেও বিবেচিত হতে পারে, যা সঙ্গীর আত্মসম্মান ও অস্তিত্বের বোধকে ক্ষতিগ্রস্ত করে।

অনেক সময় অতিরিক্ত মানসিক চাপের কারণেও অনেকে নীরব হয়ে পড়েন, যাকে মনোবিজ্ঞানী জন গটম্যান ‘ফ্লাডিং’ হিসেবে চিহ্নিত করেছেন। এই অবস্থায় মস্তিষ্ক অতিরিক্ত আবেগ ও তথ্য সামলাতে না পেরে কার্যত অচল হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে, কথোপকথনের সময় আবেগ চেপে রাখলে বা নিজেকে বিচ্ছিন্ন করে নিলে তা সঙ্গীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে, এমনকি তাদের রক্তচাপও বাড়িয়ে দিতে পারে। যখন কেউ মতবিরোধের সময় আবেগগতভাবে নিজেকে সরিয়ে নেন, তখন তা সম্পর্কের ঘনিষ্ঠতাকে হুমকির মুখে ফেলে দেয়।

তবে সব নীরবতা ক্ষতিকর নয়। অনেক সময় পরিস্থিতি শান্ত করতে বা নিজের অনুভূতি গুছিয়ে নিতে সাময়িক বিরতির প্রয়োজন হয়। নিরপেক্ষ দৃষ্টিতে পরিস্থিতি বিচার করলে আবেগের তীব্রতা কমে এবং যুক্তি দিয়ে চিন্তা করা সহজ হয়। তবে এই নীরবতা যেন সঙ্গীর মনে ভুল বোঝাবুঝির সৃষ্টি না করে, সেজন্য কেন সময় প্রয়োজন তা স্পষ্ট করে জানানো জরুরি। নিজের প্রয়োজন ও মানসিক অবস্থা সঙ্গীর কাছে ব্যক্ত করলে পরে আরও গঠনমূলক আলোচনার পথ প্রশস্ত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *