খাওয়ার সময় নাকে খাবার চলে যাচ্ছে? জেনে নিন এর কারণ ও প্রতিকার

খাবার খাওয়ার সময় আমাদের গলার ভেতরে একটি অত্যন্ত জটিল ও সূক্ষ্ম সমন্বয় প্রক্রিয়া কাজ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় যে খাবার বা পানীয় শুধুমাত্র খাদ্যনালীতেই প্রবেশ করবে। সাধারণত, যখন আমরা কিছু খাই বা পান করি, তখন গলার উপরের অংশে থাকা নরম তালু উপরের দিকে উঠে গিয়ে নাসারন্ধ্র বন্ধ করে দেয়। একই সময়ে, শ্বাসনালীর মুখে থাকা একটি ঢাকনা শ্বাসনালীকে ঢেকে রাখে।

তবে, খাওয়ার সময় কথা বলা, হাসা, কাশি দেওয়া বা হাঁচি এলে এই স্বাভাবিক প্রক্রিয়ায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এর ফলে নরম তালু নাকের পথ পুরোপুরি আটকে রাখতে ব্যর্থ হয় এবং গলার ভেতরে চাপ তৈরি হওয়ার কারণে খাবার বা তরল নাকের ভেতরে চলে যেতে পারে। দ্রুত খাওয়া, বড় লোকমা নেওয়া বা ভালোভাবে না চিবিয়ে গিলে ফেলার প্রবণতা থেকেও এমন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অমনোযোগিতার কারণে এটি বেশি ঘটে থাকে।

যদি এই সমস্যা বারবার হয়, কিংবা খাবার গিলতে কষ্ট, গলায় কিছু আটকে থাকার অনুভূতি বা কথা বলার ধরনে পরিবর্তন দেখা যায়, তবে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। পেশির দুর্বলতা, স্নায়ুর সমস্যা, অ্যালার্জি, সাইনাসের জটিলতা বা গলার কাঠামোগত সমস্যার কারণেও এমনটা হতে পারে বলে চিকিৎসকরা জানান।

খাওয়ার সময় নাকে খাবার উঠে গেলে আতঙ্কিত না হয়ে ধীরে শ্বাস নেওয়া এবং মুখ দিয়ে পানি নিয়ে কুলি করে পরিষ্কার করা উচিত। নাক জোরে ঝাড়লে ভেতরে চাপ বেড়ে ব্যথা হতে পারে, তাই নরমভাবে পরিষ্কার করাই নিরাপদ। নিয়মিত শান্ত হয়ে বসে ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়া এবং খাওয়ার সময় কথা বলা বা হাসাহাসি এড়িয়ে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। তবে সমস্যাটি বারবার হলে বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *