বয়সভেদে দুধের সঠিক পরিমাণ: পুষ্টিবিদদের পরামর্শ
দুধ ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি১২ এবং ফসফরাসের একটি সমৃদ্ধ উৎস হিসেবে পরিচিত। এটি হাড় ও দাঁতের স্বাস্থ্য মজবুত রাখতে এবং পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের শারীরিক বিকাশ এবং বয়স্কদের হাড়ের ক্ষয়রোধে দুধের পুষ্টি অপরিহার্য। তবে সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি দুধ গ্রহণ শরীরের সামগ্রিক পুষ্টির চাহিদা পূরণে সহায়ক।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের নির্দেশিকা অনুযায়ী, এক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য দৈনিক ৩৫০ মিলিলিটার দুধ প্রয়োজন। চার থেকে নয় বছর বয়সীদের জন্য দৈনিক ৩৫০ থেকে ৪০০ মিলিলিটার এবং দশ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ৪০০ মিলিলিটার দুধ বা দই সুপারিশ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক ৩০০ মিলিলিটার এবং ৬০ বছরের বেশি বয়সীদের জন্য ৪০০ মিলিলিটার দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে পুষ্টির চাহিদা অনুযায়ী দুধের পরিমাণ নির্ধারণ করা উচিত।
বিশেষভাবে উল্লেখ্য, এক বছরের কম বয়সী শিশুদের প্রধান খাদ্য হওয়া উচিত মাতৃদুগ্ধ। এই বয়সে গরুর দুধ বা মহিষের দুধ পান করানো অনুচিত। অন্যদিকে, ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধের প্রোটিনে অ্যালার্জি থাকলে অনেকের হজমের সমস্যা, পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। এমন পরিস্থিতিতে জোর করে দুধ পান না করে ল্যাকটোজ-মুক্ত দুধ বা ক্যালসিয়ামসমৃদ্ধ বিকল্প খাবার বেছে নেওয়া যেতে পারে। শারীরিক অবস্থা ও হজম ক্ষমতা অনুযায়ী দুধের পরিমাণ নির্ধারণ করাই স্বাস্থ্যকর অভ্যাস।