অনুষ্ঠানে নজর কাড়তে ডাইমেনশনাল মেকআপ: জেনে নিন পদ্ধতি

মুখের স্বাভাবিক গঠনকে আরও আকর্ষণীয় করে তোলার একটি জনপ্রিয় মেকআপ পদ্ধতি হলো ডাইমেনশনাল মেকআপ। এই বিশেষ পদ্ধতিতে আলো ও ছায়ার সঠিক ভারসাম্যের মাধ্যমে মুখে ত্রিমাত্রিক বা থ্রিডি লুক তৈরি করা হয়, যা সাধারণ মেকআপের চেয়ে ভিন্ন।

সাধারণত, ফাউন্ডেশনের স্তরে মুখের স্বাভাবিক গঠন অনেক সময় ঢাকা পড়ে যায়। কিন্তু ডাইমেনশনাল মেকআপে কন্ট্যুরিং, হাইলাইটিং ও ব্লাশের সমন্বয়ে মুখের প্রতিটি অংশ আলাদাভাবে ফুটে ওঠে। এই মেকআপ শুরু করার আগে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ও প্রাইমার ব্যবহার করা অত্যন্ত জরুরি। এরপর নিজের স্কিন টোনের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ও কনসিলার দিয়ে একটি নিখুঁত বেস তৈরি করতে হয়।

কন্ট্যুরিংয়ের জন্য চিকবোনের নিচে, চোয়ালের দুই পাশে ও নাকের দু’পাশে ত্বকের চেয়ে সামান্য গাঢ় শেড ব্যবহার করে ছায়া তৈরি করা হয়। এর ফলে মুখের কাটিং আরও তীক্ষ্ণ ও স্পষ্ট দেখায়। পরবর্তী ধাপে গালের ওপর পিচ বা হালকা গোলাপি ব্লাশ এবং চিকবোনের উঁচু অংশ, নাকের ডগা ও কপালের মাঝখানে হাইলাইটার ব্যবহার করলে মুখে স্বাভাবিক উজ্জ্বলতা আসে। চোখের সাজে আইশ্যাডো, আইলাইনার ও মাসকারার পাশাপাশি লিপ লাইনার দিয়ে ঠোঁটের গঠন স্পষ্ট করা প্রয়োজন। সবশেষে সেটিং স্প্রে ব্যবহার করলে মেকআপ দীর্ঘক্ষণ সতেজ থাকে। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, অতিরিক্ত কন্ট্যুর বা হাইলাইটার ব্যবহার করা যাবে না, কারণ সঠিক ব্লেন্ডিংই এই মেকআপের মূল চাবিকাঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *