SSC: চিরতরে চাকরি হারালেন ১ হাজারের বেশি যোগ্য, কারণটা জানলে অবাক হবেন!
গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ: কাট-অফে পিছিয়ে চাকরি হারালেন ১০০০ শিক্ষাকর্মী
নিজস্ব প্রতিবেদক: সোমবার প্রকাশিত গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফলাফলে বড় ধাক্কা খেলেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। ৫,৪৮৮টি শূন্যপদের বিপরীতে আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের জন্য প্রায় ২৭ হাজার প্রার্থীকে ডাকা হয়েছে। তবে চূড়ান্ত ফলাফলের তালিকায় ১,০০০ জন অভিজ্ঞ শিক্ষাকর্মী কাট-অফ মার্কস তুলতে না পারায় চাকরি পাওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন।
জানা গেছে, প্রতিটি জোনেই কাট-অফ মার্কস বেশ চড়া থাকায় নতুন প্রজন্মের প্রার্থীদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে হিমশিম খেয়েছেন অভিজ্ঞ প্রার্থীরা। অভিযোগ উঠেছে, অনেক যোগ্য ও মেধাবী প্রার্থী ভালো নম্বর পেয়েও ইন্টারভিউ তালিকায় স্থান পাননি। শিক্ষক নিয়োগের মতো গ্রুপ ডি ক্ষেত্রেও ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর যুক্ত করা হয়েছিল। তা সত্ত্বেও ২০১৬ সালে নিয়োগ পাওয়া শ’পাঁচেক অভিজ্ঞ কর্মী ইন্টারভিউয়ের তালিকা থেকে বাদ পড়েছেন। দীর্ঘ সময় ধরে বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করা এই কর্মীদের কাছে এই ফলাফল এক বড় বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষাকর্মী অমিত মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছিলাম। কিন্তু নতুন পরীক্ষায় প্রথম ধাপেই ১,০০০ জন যোগ্য কর্মী বাদ পড়লেন। যেভাবে কাট-অফ নির্ধারিত হয়েছে, তাতে শেষ পর্যন্ত হয়তো মাত্র ৫ থেকে ১০ শতাংশ শিক্ষাকর্মীই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন।”
বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন শিক্ষক চিন্ময় মণ্ডল। তিনি বলেন, “গত দুই বছর ধরে বেতনহীন অবস্থায় থেকেও লড়াই চালিয়ে যাওয়া এই কর্মীদের জন্য অত্যন্ত কঠিন ছিল। স্কুলের প্রশাসনিক কাজের চাপে পড়াশোনার প্রস্তুতি নেওয়া সহজ নয়। যাঁরা কাট-অফ পেরোতে পারেননি, সরকার তাঁদের বিষয়ে সদর্থক কোনো পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা করছি।”
বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়া এই শিক্ষাকর্মীরা এখন জীবনধারণের জন্য বিকল্প পেশার সন্ধানে নেমেছেন বলে জানা গেছে।