SSC: চিরতরে চাকরি হারালেন ১ হাজারের বেশি যোগ্য, কেন?
গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ: কাট-অফে পিছিয়ে চাকরি হারালেন ১০০০ শিক্ষাকর্মী
নিজস্ব প্রতিবেদক: সোমবার প্রকাশিত গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফলাফলে বড় ধাক্কা খেলেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। মোট ৫,৪৮৮টি শূন্যপদের বিপরীতে আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের জন্য প্রায় ২৭ হাজার প্রার্থীকে ডাকা হলেও, কাট-অফ নম্বরের দৌড়ে পিছিয়ে পড়ে তালিকার বাইরে চলে গিয়েছেন প্রায় ১ হাজার শিক্ষাকর্মী।
জানা গেছে, ২০১৬ সালে নিয়োগ পাওয়া এই শিক্ষাকর্মীরা দীর্ঘ সময় বেতনহীন অবস্থায় ছিলেন। নিজেদের হারানো চাকরি ফিরে পেতে তাঁরা পুনরায় পরীক্ষায় অংশ নিলেও, প্রতিটি জোনেই কাট-অফ নম্বর চড়া থাকায় তাঁরা সফল হতে পারেননি। এমনকি শিক্ষক নিয়োগের মতোই গ্রুপ ডি-র ক্ষেত্রেও ইন্টারভিউয়ের আগেই অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছিল। তা সত্ত্বেও শ’পাঁচেক ‘যোগ্য’ বলে বিবেচিত প্রার্থী ইন্টারভিউ তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।
এই ফলাফলের ফলে কর্মহীন শিক্ষাকর্মীদের মধ্যে তীব্র হতাশা তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, নতুন সরকারের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও যোগ্য প্রার্থীদের বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়নি। চাকরিহারা শিক্ষাকর্মী অমিত মণ্ডলের কথায়, “প্রথম দফার ফলাফলেই ১০০০ জন যোগ্য প্রার্থী বাদ পড়েছেন। যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে শেষ পর্যন্ত হয়তো ৫ থেকে ১০ শতাংশ শিক্ষাকর্মীই হয়তো চাকরি ফিরে পাবেন।”
অন্যদিকে, পরিস্থিতিটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন শিক্ষক চিন্ময় মণ্ডল। তিনি বলেন, “গত দুই বছর ধরে বেতনহীন অবস্থায় থাকা এবং স্কুলের কাজের পাশাপাশি নতুন করে পরীক্ষায় বসে লড়াই করা অত্যন্ত কঠিন। যাঁরা কাট-অফ ক্লিয়ার করতে পারেননি, তাঁদের বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে সরকারের উচিত বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা।”
প্রসঙ্গত, এই ফলাফলের ফলে দীর্ঘ আইনি লড়াই এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যাওয়া শিক্ষাকর্মীদের অনেকের কাছেই পুনরায় চাকরি পাওয়ার শেষ আশাটুকুও এখন ফিকে হয়ে এল। এখন তাঁরা বিকল্প পেশার সন্ধানে চিন্তাভাবনা শুরু করেছেন।