মিষ্টি কুমড়ো দিয়ে মেটে চচ্চড়ি, স্বাদে হবে জাদু!

 

কালীপুজোর আয়োজনে রাখতে পারেন কুমড়ো দিয়ে মেটের চচ্চড়ি: রইল সহজ রেসিপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন কালীপুজো বা উৎসবের দিনগুলোতে নিরামিষের পাশাপাশি আমিষ পদের স্বাদ নিতে চাইলে বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারেন ‘কুমড়ো দিয়ে মেটের চচ্চড়ি’। কম সময়ে সামান্য কিছু উপকরণে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনই অনন্য। মাত্র দশ মিনিটেই প্রস্তুত করা সম্ভব এই বিশেষ পদটি।

প্রয়োজনীয় উপকরণ:
খাসির মেটে, ডুমো করে কাটা কুমড়ো, সর্ষের তেল, তেজপাতা (২টি), শুকনো লঙ্কা (২টি), ছোট এলাচ (৩টি), দারুচিনি (১ ইঞ্চি), লবঙ্গ (৪টি), পাঁচফোড়ন, হিং, আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন এবং চেরা কাঁচালঙ্কা।

প্রস্তুত প্রণালী:
প্রথমে মেটেগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে মেটেগুলো হালকা ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হিং এবং গরম মশলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে তাতে আদা বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

এরপর মশলার মধ্যে কেটে রাখা কুমড়ো দিয়ে দিন এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। কুমড়ো সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মেটেগুলো দিয়ে দিন। স্বাদমতো নুন এবং সামান্য জলের ছিটে দিয়ে মিশ্রণটি নাড়াচাড়া করুন। ঝোল গা-মাখা হয়ে এলে ওপরে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মুখরোচক কুমড়ো দিয়ে মেটের চচ্চড়ি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *