শত্রুর ঘুম কাড়ল দেশীয় প্রযুক্তির প্রলয়!
দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদন: ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির পথে আরও এক ধাপ এগোল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ (Pralay)-এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ওড়িশা উপকূলে বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে এই পরীক্ষা চালানো হয়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সমস্ত লক্ষ্যপূরণ করে ক্ষেপণাস্ত্রটি তার গন্তব্যে নির্ভুল আঘাত হেনেছে। পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এটি তার সমস্ত মাপকাঠি পূরণ করতে সক্ষম হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশেষ মাত্রা যোগ করবে। এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। ঘণ্টায় প্রায় ৭৫০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই মিসাইলটি প্রায় ৭০০ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে পারে। অত্যন্ত দ্রুতগতিতে নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ভারতের সামরিক শক্তিকে আরও সুসংহত করবে বলে মনে করা হচ্ছে।