১ হাজার কোটিতে সাজবে রাজ্যের পুরনো মঠ-মন্দির, তীর্থক্ষেত্র সার্কিটের ঘোষণা মুখ্যমন্ত্রীর!
রাজ্যের মঠ-মন্দির সংস্কারে ১০০০ কোটি টাকার ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা: রাজ্যের ঐতিহ্যবাহী ও প্রাচীন মঠ-মন্দিরগুলোর সংস্কারে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘তীর্থক্ষেত্র সার্কিট’। মঙ্গলবার আড়ংঘাটার শতদল ক্লাবের কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, আগামী দুই বছরে রাজ্যের পুরোনো মঠ ও মন্দির সংস্কারের জন্য মোট ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি বাদে দেবোত্তর, সার্বজনীন ও ট্রাস্ট পরিচালিত মন্দিরগুলোকে এই প্রকল্পের আওতায় নতুন করে সাজিয়ে তোলা হবে। অযোধ্যা, বারাণসী, কেদারনাথ ও উজ্জয়িনীর আদলে রাজ্যের ধর্মীয় স্থানগুলোকে উন্নত করাই এই প্রকল্পের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
পাশাপাশি, আসন্ন জগদ্ধাত্রী পুজো ও রাস পূর্ণিমা উপলক্ষেও বিশেষ পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর ও চন্দননগরকে বিশেষভাবে সাজিয়ে তোলা হবে। একইভাবে রাস পূর্ণিমায় কোচবিহার, নবদ্বীপ ও শান্তিপুরকে আলোকসজ্জায় সজ্জিত করা হবে। আগামী ২২ তারিখ রাস পূর্ণিমায় তিনি নিজে নবদ্বীপে গিয়ে প্রভু চৈতন্যদেবের ধামের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন বলেও জানান।
এছাড়াও, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার মর্যাদা প্রদানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, মেলাটিকে বিশ্বস্তরে তুলে ধরার জন্য ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।