দীপাবলিতে মদের দোকান বন্ধ, আপনার রাজ্যে কি ড্রাই ডে ঘোষিত হয়েছে?

 

দীপাবলি উপলক্ষে দিল্লি, উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদন: দীপাবলি উপলক্ষ্যে দিল্লি, উত্তরপ্রদেশ এবং এনসিআর (NCR) এলাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে আগামী ৮ নভেম্বর ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলোর আবগারি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ওইদিন সরকারি বা বেসরকারি কোনো মদের দোকান থেকে মদ বা বিয়ার বিক্রি করা যাবে না। বন্ধ থাকবে ‘মডেল শপ’গুলোও।

নির্দেশনায় জানানো হয়েছে, শুধুমাত্র মদের দোকান নয়, দিল্লি ও এনসিআর এলাকার বার, পাব ও রেস্তরাঁগুলোতেও মদ পরিবেশন নিষিদ্ধ থাকবে। তবে রেস্তরাঁ খোলা থাকলেও সেখানে খাবার বা মদবিহীন পানীয় পরিবেশনে কোনো বাধা নেই।

নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা থেকে হোটেলের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দিল্লির লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলো তাদের আবাসিক অতিথিদের ঘরে ‘রুম সার্ভিস’-এর মাধ্যমে মদ সরবরাহ করতে পারবে। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের নির্দিষ্ট লাইসেন্সধারী চার ও পাঁচতারা হোটেলগুলোও একই সুবিধা পাবে। তবে হোটেলের পাবলিক বার বা পানশালাগুলো এই সময় বন্ধ রাখতে হবে।

দিল্লির আবগারি দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী, দীপাবলি ছাড়াও ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী এবং ২৫ ডিসেম্বর বড়দিনে মদের দোকান বন্ধ থাকবে। উত্তরপ্রদেশেও এই দিনগুলো ‘ড্রাই ডে’ হিসেবে নির্ধারিত হয়েছে। মহারাষ্ট্র, হরিয়ানা ও মধ্যপ্রদেশেও দীপাবলির দিন মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তবে ধনতেরাস, গোবর্ধন পূজা বা ভাইফোঁটার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।

প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, নিয়ম অমান্য করে মদ বিক্রি বা পরিবেশন করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। এমনকি আইন অমান্যের মাত্রা গুরুতর হলে প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হতে পারে। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হলেও পশ্চিমবঙ্গে ৮ নভেম্বর মদের দোকান বন্ধ থাকবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজ্যের আবগারি দপ্তরের নির্দেশিকার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *