৪ ডিগ্রি নামছে তাপমাত্রা! সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা
আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে, কমবে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক:
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও, সোমবার থেকে দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত চলতে পারে, এরপর পুনরায় আবহাওয়া শুষ্ক হয়ে যাবে বলে জানানো হয়েছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই থাকবে, ফলে মোটের ওপর মনোরম আবহাওয়া বজায় থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলায় সপ্তাহের শুরুতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।