শত্রুর ঘুম কাড়ল দেশীয় প্রযুক্তির প্রলয়!
দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদন: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ (Pralay)-এর সফল পরীক্ষা সম্পন্ন করল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূলে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এই সাফল্যের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত সমস্ত লক্ষ্যমাত্রা ও মাপকাঠি সফলভাবে পূরণ করেছে। এই সাফল্য ভারতের সামরিক সক্ষমতা এবং নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। এটি ঘণ্টায় প্রায় ৭,৫০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। প্রায় ৭০০ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে ‘প্রলয়’-এর অন্তর্ভুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।