মহিলার দিকে কুনজরে তাকালেই যৌন সুবিধা চাওয়ার প্রমাণ মেলে না, কী বলল হাইকোর্ট?
যৌন হয়রানির অভিযোগে অভিযুক্তকে বেকসুর খালাস আদালতের
নিজস্ব প্রতিবেদক: এক মহিলার করা যৌন হয়রানির মামলায় অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাস দিল আদালত। মামলায় অভিযোগকারী মহিলার বয়ানের অসঙ্গতি এবং প্রমাণের অভাবকেই এই রায়ের ভিত্তি হিসেবে গণ্য করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার শুরুতে অভিযোগকারী দাবি করেছিলেন যে, একটি আর্থিক সমস্যা সমাধানের জন্য তিনি অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্ত তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, টাকা ফেরত না দিলে অভিযুক্ত তাঁকে শারীরিক আঘাতের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছিল।
তবে তদন্তের পরবর্তী পর্যায়ে পরিস্থিতির পরিবর্তন ঘটে। পুলিশের কাছে দেওয়া বয়ানে অভিযোগকারী মহিলা নিজের পূর্বের অভিযোগগুলোর বেশিরভাগই অস্বীকার করেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁকে কোনো শারীরিক সম্পর্কের প্রস্তাব দেননি বা তাঁকে কোনো হুমকিও দেওয়া হয়নি। অভিযোগকারী কেবল এই দাবিই করেন যে, ওই ব্যক্তি তাঁর দিকে ‘কুনজরে’ বা অনুচিতভাবে তাকিয়েছিলেন।
আদালত রায়ে স্পষ্ট করেছে যে, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বিচারক পর্যবেক্ষণ করেন, “কেবল কুনজরে তাকানোর অভিযোগ থেকে এটি প্রমাণিত হয় না যে, অভিযুক্ত ওই মহিলার কাছ থেকে কোনো যৌন সুবিধা (sexual favour) চেয়েছিলেন।”
তদন্তে অভিযোগের স্বপক্ষে অন্য কোনো তথ্য-প্রমাণ না মেলায় আদালত অভিযুক্তকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।