ভাইফোঁটায় চমকে দিন সবার মন, বাড়িতেই বানান সেরা স্বাদের বাদামের পায়েস!
উৎসবের আমেজে ভিন্ন স্বাদের বাদামের পায়েস: জেনে নিন সহজ রেসিপি
নিজস্ব প্রতিবেদক: বাঙালি উৎসবের অন্যতম অনুষঙ্গ হলো পায়েস। সাধারণত চাল কিংবা সিমুইয়ের পায়েস জনপ্রিয় হলেও, স্বাদে ও পুষ্টিগুণে অনন্য ‘বাদামের পায়েস’ হতে পারে উৎসবের পাতে এক নতুন সংযোজন। নিচে বাদামের পায়েস তৈরির সহজ প্রণালী দেওয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ:
পায়েস তৈরির জন্য প্রয়োজন ১ লিটার দুধ, আধা কাপ চাল, ১/৪ কাপ ভেজানো বাদাম, ১/৪ কাপ চিনি, ২-৩ চামচ কন্ডেন্সড মিল্ক, ১ চামচ ঘি এবং স্বাদমতো এলাচ গুঁড়ো। এছাড়া সাজানোর জন্য ও স্বাদের ভারসাম্য রাখতে পেস্তা, কাজু, কাঠবাদাম ও সামান্য জাফরানের প্রয়োজন হবে।
প্রস্তুত প্রণালী:
প্রথমে গরম জলে বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে মিহি করে পিষে নিতে হবে। অন্যদিকে চাল ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটি বড় পাত্রে দুধ ও সামান্য জল মিশিয়ে উচ্চ তাপে জ্বাল দিতে হবে। দুধ ফুটে উঠলে আঁচ কমিয়ে তাতে চাল দিয়ে দিতে হবে। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত মাঝে মাঝে নাড়তে হবে।
চাল সেদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে তৈরি করে রাখা বাদাম বাটা মিশিয়ে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে কন্ডেন্সড মিল্ক ও এলাচ গুঁড়ো যোগ করতে হবে। এরপর আঁচ একেবারে কমিয়ে চিনি মিশিয়ে সামান্য জ্বাল দিতে হবে। চিনি গলে গেলে জাফরান দিয়ে নামিয়ে রাখতে হবে। সবশেষে একটি প্যানে ঘি গরম করে তাতে কুচিয়ে রাখা কাজু, পেস্তা ও বাদাম হালকা ভেজে পায়েসের ওপর ছড়িয়ে দিতে হবে। অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বাদামের পায়েস।