জিপিএস ছাড়াই লক্ষ্যভেদে সক্ষম ভারত-রাশিয়ার নতুন মিসাইল, কতটা শক্তিশালী এই মিশন?
জিপিএস ছাড়াই নিখুঁত নিশানায় আঘাত, ভারত-রাশিয়ার যৌথ প্রকল্পে নতুন মিসাইল প্রযুক্তির পথে
নিজস্ব প্রতিবেদক:
ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে জিপিএস (GPS)-এর ওপর নির্ভরশীলতা কাটিয়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে মিসাইল তৈরির পথে হাঁটছে ভারত ও রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা সংস্থা ‘অ্যাটমোস’-এর দাবি অনুযায়ী, দুই দেশের যৌথ উদ্যোগে ‘প্রজেক্ট কৃষলেনা’ (Project Krishlena) নামক এক গোপন প্রকল্পে এমন মিসাইল তৈরি করা হচ্ছে, যাতে জিপিএস-এর কোনো প্রয়োজনই থাকবে না।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আধুনিক সামরিক ব্যবস্থায় জিপিএস-এর দুর্বলতা এখন আর গোপন নেই। রাশিয়া, জার্মানি ও ব্রিটেনের মতো দেশ অতীতে জিপিএস হ্যাকিং-এর অভিযোগ তুলেছে। এই বাস্তবতায় জিপিএস-এর বিকল্প প্রযুক্তি তৈরি করাই এখন বিশ্বজুড়ে প্রতিরক্ষা গবেষণার প্রধান লক্ষ্য।
মার্কিন সংস্থাটির তথ্যমতে, ‘কৃষলেনা’ প্রকল্পের আওতায় মিসাইলে জিপিএস-এর বদলে ‘ইন্টার-লোকেটর ন্যাভিগেশন সিস্টেম’ (ILNS) ব্যবহার করা হবে। বর্তমান উন্নত মিসাইলগুলোতে জিপিএস বিকল হলে ‘ইনারশিয়াল ন্যাভিগেশন সিস্টেম’ (INS) সক্রিয় হয়ে ওঠে। তবে ভারত ও রাশিয়া যৌথভাবে যে নতুন প্রযুক্তির ওপর কাজ করছে, তা এই আইএনএস-এর থেকেও অনেক বেশি আধুনিক ও নির্ভুল বলে দাবি করা হয়েছে।
এই প্রকল্পের নামকরণের নেপথ্যে রয়েছে ভারতের কৃষ্ণা নদী ও রাশিয়ার লেনা নদীর সমন্বয়, যা অনেকটা ভারত-রাশিয়ার পূর্ববর্তী সফল প্রকল্প ‘ব্রহ্মস’-এর (ব্রহ্মপুত্র ও মস্কোভা নদীর নামানুসারে) অনুকরণে করা। ‘ব্রহ্মস’ মিসাইলের ট্র্যাক করা যেখানে কঠিন, সেখানে ‘কৃষলেনা’ জিপিএস প্রযুক্তিমুক্ত হওয়ায় তা শত্রুপক্ষের রাডার বা সিগন্যাল জ্যামিং ব্যবস্থার ধরাছোঁয়ার বাইরে থাকবে। এর ফলে প্রিসিশন অ্যাটাক বা লক্ষ্যভেদী আক্রমণে নতুন মাইলস্টোন তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে ভারত-রাশিয়া প্রতিরক্ষা সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রুশ প্রতিরক্ষা উপদেষ্টারা একে প্রাথমিক স্তরের কাজ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে আন্তর্জাতিক মহলে এই প্রকল্পের তথ্য চাউর হওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ ও কৌতূহল দুই-ই তৈরি হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, জিপিএস হ্যাক করে সাইবার হামলার যে ঝুঁকি বর্তমানে তৈরি হয়েছে, তা মোকাবিলায় এই স্বয়ংসম্পূর্ণ নেভিগেশন প্রযুক্তি সামরিক ক্ষেত্রে এক বড় ‘কিস্তিমাত’ হতে পারে।