সরকারি প্রকল্পের টাকা পেতে বাধ্যতামূলক ভোটার কার্ড? জানুন বড় আপডেট!

 

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর ইঙ্গিত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এবার ভোটার কার্ডের গুরুত্ব বৃদ্ধির ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং। সম্প্রতি মন্ত্রকের আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোটার কার্ডের এপিক (EPIC) নম্বর এবং বায়োমেট্রিক তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে সরকার।

বর্তমানে দেশের প্রায় সব জায়গায় আধার কার্ড তৈরির সুবিধা থাকায় তা সাধারণ মানুষের নাগালে রয়েছে। এই প্রেক্ষাপটে মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানান, সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আধারের পাশাপাশি অন্য ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই লক্ষ্যেই ভোটার কার্ডের এপিক নম্বর এবং বায়োমেট্রিক তথ্যকে যাচাইয়ের নতুন মাধ্যম হিসেবে ব্যবহারের চিন্তাভাবনা চলছে।

উল্লেখ্য, বর্তমানে পিএম কিষাণ যোজনা ও ভিবি জি রাম জি-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি (DBT)-র মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়। মন্ত্রীর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ভবিষ্যতে এই প্রকল্পগুলিতে টাকা পাওয়ার নিয়মাবলীতে বড়সড় বদল আসতে চলেছে?

তবে কোন কোন প্রকল্পের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা বলবৎ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য দেননি কেন্দ্রীয় মন্ত্রী। এতদিন সরকারি প্রকল্পের সুবিধার জন্য আধার কার্ডের ওপর নির্ভরশীলতা থাকলেও, সরকারের এই নতুন পরিকল্পনা কার্যকর হলে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় ভোটার কার্ডের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই বিষয়ে কেন্দ্র আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা কবে প্রকাশ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *