সশস্ত্র নকশালদের যুগ শেষ, এখন লড়াই দিমাগি নকশালদের সঙ্গে!
সশস্ত্র নকশালবাদের অবসান, এখন লড়াই ‘দিমাগি’ নকশালদের বিরুদ্ধে: দীপাবলিতে বার্তা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: বরাবরের মতো এবারও দীপাবলির উৎসবে দেশের জওয়ানদের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তিশগড়ের বস্তারে সিআরপিএফ (CRPF) জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন তিনি। একসময়ে নকশালদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নকশালবাদের বিরুদ্ধে লড়াইয়ে জওয়ানদের আত্মত্যাগ ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
এদিন জওয়ানদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “এটাই প্রথম দীপাবলি যখন দেশের প্রতিটি জেলা নকশালবাদমুক্ত। এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব আমাদের জওয়ানদের অদম্য সাহস ও আত্মত্যাগের।”
নকশাল দমন অভিযানে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নকশাল ও বিচ্ছিন্নতাবাদীদের অর্থায়নের পথ বন্ধ করতে সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। জালনোটের কারবার ও সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) ভেঙে দেওয়া হয়েছে। বিগত ৪৭ বছরের মধ্যে এই প্রথমবার, গত এক বছরে কর্তব্যরত অবস্থায় কোনো সিআরপিএফ জওয়ানের প্রাণহানির ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
অতীতের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে মোদী বলেন, “একটা সময় ছিল যখন দেশের প্রায় ২০টি রাজ্যের ২৩০টিরও বেশি জেলা নকশালবাদের কবলে ছিল। সন্ধ্যার পর সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ হয়ে যেত। এমনকি নকশালরা মানুষের ভোটাধিকারও কেড়ে নিয়েছিল।” ২০১০ সালে দান্তেওয়াড়ায় ৭৬ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী তৎকালীন নেতৃত্বের নিষ্ক্রিয়তাকে কটাক্ষ করেন।
বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের ‘গরিবি হটাও’ স্লোগান যা করতে পারেনি, বিগত ১২ বছরে উন্নয়নমূলক কাজের মাধ্যমে তার চেয়ে বেশি সুফল পাওয়া গিয়েছে। তিনি অভিযোগ করেন, নকশাল প্রভাবিত এলাকাগুলিতে উন্নয়নের গতি রোধ করা এবং শিশুদের স্কুলমুখী হতে বাধা দেওয়াই ছিল নকশালদের মূল উদ্দেশ্য।
এদিন প্রধানমন্ত্রী এক নতুন সতর্কবার্তা দিয়ে বলেন, “জঙ্গল থেকে সশস্ত্র নকশালদের নির্মূল করা হয়েছে, কিন্তু এখন লড়াই করতে হবে ‘দিমাগি’ (মানসিক) নকশালদের বিরুদ্ধে।” তাঁর অভিযোগ, এই গোষ্ঠীটি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনে অনুপ্রবেশ করেছে এবং সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উসকে দিচ্ছে। দেশের সুরক্ষার স্বার্থে এদের চিহ্নিত করে পরাজিত করার ডাক দেন প্রধানমন্ত্রী।