কুনজর মানেই যৌন লালসা নয়, নজিরবিহীন পর্যবেক্ষণ আদালতের!

 

অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা খারিজ করল কর্ণাটক হাইকোর্ট

বেঙ্গালুরু: এক মহিলার আনা যৌন হেনস্থার অভিযোগ সংক্রান্ত একটি ফৌজদারি মামলা খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ না থাকায় এবং পরবর্তীকালে অভিযোগকারী নিজেই নিজের বয়ান থেকে সরে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, এক মহিলা আর্থিক সমস্যা মেটানোর জন্য অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং তার বিনিময়ে আর্থিক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ ওঠে। এছাড়াও, টাকা ফেরত না দিলে অভিযুক্ত ওই মহিলাকে শারীরিক আঘাত করার হুমকি দিয়েছিলেন বলেও প্রাথমিক অভিযোগে জানানো হয়েছিল।

তবে, পরবর্তীকালে পুলিশের কাছে দেওয়া বয়ানে অভিযোগকারী নিজেই আগের অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁকে কেবল ‘কুনজরে’ দেখেছিলেন। এছাড়া শারীরিক আঘাতের হুমকির যে অভিযোগ তিনি প্রথমে করেছিলেন, তাও পরে প্রত্যাহার করে নেন।

আদালত এই বিষয়ে পর্যবেক্ষণে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যৌন সুবিধার দাবি করার কোনো অকাট্য প্রমাণ তদন্তে পাওয়া যায়নি। অভিযোগকারী নিজেই নিজের আগের বক্তব্য থেকে সরে আসায় এবং কেবল ‘কুনজরে তাকানোর’ অভিযোগ কোনোভাবেই যৌন হেনস্থার অপরাধ হিসেবে গণ্য হতে পারে না বলে মনে করছে আদালত। এই প্রেক্ষিতেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলাটি খারিজের নির্দেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *