সরকারি প্রকল্পের টাকা পেতে বাধ্যতামূলক ভোটার কার্ড! বড় ইঙ্গিত মন্ত্রীর

 

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের পাশাপাশি গুরুত্ব বাড়ছে ভোটার কার্ডের

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এবার ভোটার কার্ডের গুরুত্ব বাড়ানোর ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ, মৎস, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে ভোটার কার্ডের এপিক (EPIC) নম্বর এবং বায়োমেট্রিক তথ্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে কেন্দ্র।

বর্তমানে পিএম কিষাণ যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাঠানো হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এতদিন মূলত আধার কার্ডকেই প্রধান পরিচয়পত্র হিসেবে গণ্য করা হতো। তবে কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, দেশের প্রায় প্রতিটি অঞ্চলে আধার কার্ড তৈরির পরিকাঠামো গড়ে উঠেছে। ফলে পরিচয় যাচাইয়ের জন্য বিকল্প ব্যবস্থার প্রয়োজন রয়েছে। সেই প্রেক্ষিতেই ভোটার কার্ডের তথ্য ব্যবহারের কথা ভাবছে সরকার।

তবে কোন কোন প্রকল্পের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা কার্যকর করা হবে, সে বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী এখনও নির্দিষ্ট কোনো ঘোষণা করেননি। মন্ত্রীর এই বক্তব্যের পর সরকারি প্রকল্পের অর্থপ্রদানের নিয়মাবলীতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। চূড়ান্ত রূপরেখা ঘোষণার অপেক্ষায় এখন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *