১০০ টাকার নোটের চেয়েও ছোট! জানেন বিশ্বের ক্ষুদ্রতম এই কুকুরটির কথা?

 

বিশ্বের ক্ষুদ্রতম জীবিত কুকুর ‘পার্ল’, উচ্চতায় একটি কফি মাগের চেয়েও ছোট

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ভ্যানেসা সেমলারের পোষ্য ‘পার্ল’ এখন বিশ্বের ক্ষুদ্রতম জীবিত কুকুরের শিরোপা ধরে রেখেছে। চিহুয়াহুয়া প্রজাতির এই কুকুরটি তার অভাবনীয় ছোট আকারের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

তথ্য অনুযায়ী, পার্লের উচ্চতা মাত্র ৩.৫৯ ইঞ্চি (৯.১৪ সেন্টিমিটার) এবং দৈর্ঘ্য ৫ ইঞ্চি (১২.৭ সেন্টিমিটার)। এর ওজন মাত্র ৫৫৩ গ্রাম, যা একটি সাধারণ কফি মাগ বা একটি হার্ডকভার বইয়ের চেয়েও কম। জন্মের সময় এর ওজন ছিল এক আউন্সেরও কম। বয়সের সঙ্গে সঙ্গে পার্লের শারীরিক উচ্চতা আর বাড়েনি।

পশু চিকিৎসক ড. জিওভানি ভারজেল একটি বিশেষ ‘উইকেট’ টুলের সাহায্যে পার্লের পরিমাপ গ্রহণ করেন, যা গিনেস কর্তৃপক্ষ প্রমাণ হিসেবে গ্রহণ করেছে। মজার বিষয় হলো, পার্লের এই বামন আকৃতি বংশগত। এর আগে বিশ্বের সবচেয়ে ছোট কুকুরের রেকর্ড ছিল ‘মিরাকল মিলি’-র দখলে, যিনি সম্পর্কে পার্লের মাসি ছিলেন। মিলি মারা যাওয়ার পর সেই রেকর্ডের মুকুট এখন পার্লের মাথায়।

আকারে ছোট হলেও পার্লের চালচলন বেশ রাজকীয়। মালিক ভ্যানেসা জানান, পার্ল অত্যন্ত শান্ত প্রকৃতির এবং ভিড়ের মাঝেও সে স্বাচ্ছন্দ্যবোধ করে। খাবারের ব্যাপারে সে বেশ শৌখিন; মূলত উচ্চমানের চিকেন ও স্যামন মাছই তার প্রধান খাদ্য। এছাড়া ক্যামেরার সামনে পোজ দেওয়া ও ফ্যানদের নজর কাড়াতেও সে বেশ দক্ষ।

সাধারণত চিহুয়াহুয়া প্রজাতির কুকুরের উচ্চতা ৫ থেকে ৮ ইঞ্চি এবং ওজন আড়াই কেজির মতো হয়ে থাকে। সেই তুলনায় পার্ল ব্যতিক্রমী এক নজির গড়েছে। যদিও ইতিহাসে যুক্তরাজ্যের একটি ডোয়ার্ফ ইয়র্কশায়ার টেরিয়ারের উচ্চতা ছিল ২.৮ ইঞ্চি, তবে বর্তমানে জীবিত কুকুরদের মধ্যে পার্লই বিশ্বের ক্ষুদ্রতম। এই ছোট্ট প্রাণীটি তার অসামান্য শারীরিক বৈশিষ্ট্যের কারণে বর্তমানে বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *