হোয়াটস্অ্যাপে নতুন ইভেন্টস ফিচার, এবার আমন্ত্রণ জানানো আরও সহজ!
হোয়াটসঅ্যাপে আসছে ‘ইভেন্টস হোম’ ফিচার, এক ক্লিকেই সামলানো যাবে অনুষ্ঠানের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক: মেটা-র মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন একটি ফিচার ‘ইভেন্টস হোম’। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ভেতরেই অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো, অতিথিদের তালিকা তৈরি এবং কে কে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন, তা ট্র্যাক করা সম্ভব হবে।
নতুন এই ফিচারের মূল বিশেষত্ব হলো, কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলেও বা তাঁর ফোনে অ্যাপটি ইনস্টল না থাকলেও তিনি এই ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা বাতিল করতে পারবেন।
নতুন ফিচারের সুবিধাসমূহ:
১. ব্যক্তিগত ইনভিটেশন: অনুষ্ঠানের নাম, তারিখ, সময় ও স্থান উল্লেখ করে নিজস্ব আমন্ত্রনপত্র তৈরি করা যাবে।
২. লিঙ্ক শেয়ারিং: ইনভিটেশন লিঙ্ক শেয়ার করার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো সম্ভব হবে।
৩. ট্র্যাকিং: কারা অনুষ্ঠানে আসছেন এবং কারা আসতে পারবেন না, তা এক জায়গা থেকেই পর্যবেক্ষণ করা যাবে।
৪. রিমাইন্ডার: আমন্ত্রিত অতিথিদের জন্য স্বয়ংক্রিয় রিমাইন্ডার পাঠানোর সুবিধা থাকবে।
কীভাবে ইভেন্ট তৈরি করবেন:
হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘ইভেন্টস’ অপশনে গিয়ে ‘ক্রিয়েট ইভেন্ট’ (Create Event)-এ ক্লিক করতে হবে। এরপর অনুষ্ঠানের নাম, সময়, তারিখ ও স্থান লিখে পছন্দের কভার ফটো যোগ করতে হবে। প্রয়োজনে রিমাইন্ডার সেট করে ইনভাইটেশন লিঙ্ক তৈরি করলেই তা অতিথিদের পাঠানো যাবে। পরবর্তীতে ‘ইভেন্টস’ বিভাগে গিয়ে অতিথিদের আরএসভিপি (RSVP) ও উপস্থিতির তালিকা দেখা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা এই আপডেট পাবেন। ভারতের ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। মেটা বা হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এই ফিচারের জন্য কোনো চার্জের কথা এখনো ঘোষণা করা হয়নি। এই নতুন সংযোজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনা আরও সহজতর করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।