অফিসিয়াল এন্ট্রি না হয়েও অস্কারের দৌড়ে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’
বক্স অফিসে বিপুল সাফল্যের পর এবার অস্কারের মঞ্চে পা রাখতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’। ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মারাঠি ছবি ‘গোন্ধল’ মনোনীত হলেও, ‘রামায়ণ’ নিজস্ব কৌশলে এই প্রতিযোগিতায় শামিল হয়েছে। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের নিয়ম অনুযায়ী, কোনো দেশের অফিসিয়াল এন্ট্রি না হলেও নির্দিষ্ট শর্ত পূরণ করে যেকোনো সিনেমা অস্কারের আন্তর্জাতিক বিভাগে মনোনয়নের জন্য আবেদন করতে পারে।
নিয়ম অনুযায়ী, কোনো ছবি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু থিয়েটারে টানা সাত দিন প্রদর্শিত হয়, তবে তার নির্মাতারা সরাসরি অ্যাকাডেমির কাছে মনোনয়নের আবেদন জানাতে পারেন। ‘রামায়ণ’-এর আন্তর্জাতিক পরিবেশক ও নির্মাতারা সেই শর্ত সফলভাবে পূরণ করে অস্কারের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। ফলে ভারতের অফিসিয়াল টিকিট না পেলেও বিশ্বমঞ্চে ছবিটি নিজের জায়গা করে নিয়েছে।
চলতি বছর অস্কারের দৌড়ে ভারতীয় সিনেমার উপস্থিতি বেশ জোরালো। ‘রামায়ণ’ এবং ‘গোন্ধল’-এর পাশাপাশি এই তালিকায় যুক্ত হয়েছে নাগাল্যান্ডের ছবি ‘আং’। টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত এই নাগা ভাষার ছবিটিও অস্কারের নীতিমালার সুবিধা নিয়ে সরাসরি যোগ্য বিবেচিত হয়েছে। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’ আন্তর্জাতিক বিচারকদের কতটা প্রভাবিত করতে পারে, এখন সেটাই দেখার বিষয়। বক্স অফিসের সাফল্যের পর ছবিটি অস্কারের মূল মনোনয়ন তালিকায় জায়গা করে নিতে পারে কি না, তা নিয়েই এখন চলছে জোর চর্চা।