ভারতে ১০০০-এর বেশি কর্মী ছাঁটাই করল কোয়ালকম

বিশ্বজুড়ে আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার জেরে বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম। বিশ্বব্যাপী মোট ৩,৬০০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্তের প্রভাব পড়েছে ভারতের কার্যালয়গুলিতেও। ভারতে কর্মরত ২০,০০০ কর্মীর মধ্যে ১,০০০-এরও বেশি কর্মীকে ইতিমধ্যেই ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং দিল্লি-এনসিআর কার্যালয়ে কর্মরত কর্মীরা এই সিদ্ধান্তের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন জানিয়েছেন, স্মার্টফোন চিপের বাজারে মুনাফা কমে যাওয়ায় সংস্থা এখন ডেটা সেন্টার ও অটোমোটিভ টেকনোলজির মতো নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করতে চাইছে। এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মীদের বার্ষিক কর্মক্ষমতার ভিত্তিতে ছাঁটাই করা হচ্ছে। ছাঁটাইয়ের তালিকায় নতুন কর্মীদের পাশাপাশি অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়াররাও রয়েছেন। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি মাসে ছাঁটাইয়ের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে।

চাকরি হারানো কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের নোটিশ পে এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি বছরের জন্য অতিরিক্ত এক মাসের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থা। এছাড়া ছাঁটাই সংক্রান্ত নথিতে সই করলে আরও এক মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে কোয়ালকম কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। স্মার্টফোন চিপের বাজারে মন্দার কারণে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *