হোটেল রুমে নিরাপত্তার জন্য মেনে চলুন এই সহজ কৌশলগুলি
ভ্রমণের সময় হোটেল রুমে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাচ বিমানসংস্থার এক অভিজ্ঞ বিমানসেবিকা হোটেলের খাটের নিচে কেউ লুকিয়ে আছে কি না, তা যাচাই করার জন্য একটি সহজ ‘জলের বোতল ট্রিক’ শেয়ার করেছেন। ঘরে ঢুকেই জলের বোতলটি খাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গড়িয়ে দিন। যদি বোতলটি অনায়াসে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে আসে, তবে বুঝতে হবে খাটের নিচে কেউ নেই। কিন্তু বোতলটি মাঝপথে আটকে গেলে সতর্ক হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে নিজে ঝুঁকে না দেখে দ্রুত রিসেপশনে ফোন করে হোটেল কর্মীদের বিষয়টি যাচাই করতে বলুন।
হোটেল রুমে প্রবেশের পর আরও কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। প্রথমেই আলমারির ভেতর, পর্দার আড়াল এবং বাথরুম ভালো করে পরীক্ষা করে নিন। আগের কোনো অতিথির ফেলে যাওয়া জিনিস বা সন্দেহজনক কিছু আছে কি না, তা দেখে নেওয়া প্রয়োজন। এছাড়া ঘরের মূল দরজার ছিটকিনি, ডাবল লক এবং জানালার লক ঠিকমতো কাজ করছে কি না, তা নিশ্চিত করুন। অনেক সময় বারান্দা বা জানালা দিয়ে চুরির ঘটনা ঘটে, তাই এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
একা ভ্রমণের ক্ষেত্রে রাতে ঘুমানোর সময় দরজার সামনে চেয়ার বা ভারী লাগেজ ঠেস দিয়ে রাখা যেতে পারে। এছাড়া দরজায় ‘ডু নট ডিস্টার্ব’ বোর্ড ঝুলিয়ে রাখলে অপ্রয়োজনীয় লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব। নতুন কোনো হোটেলের ঘরে পা রেখে প্রথম কয়েক মিনিটে এই সাধারণ নজরদারিটুকু সেরে নিলে অহেতুক দুশ্চিন্তা এড়ানো যায় এবং ভ্রমণ নিরাপদ ও নিশ্চিন্ত হয়।