আইএনএস চিলকায় নৌবাহিনীর ঐতিহাসিক গ্র্যাজুয়েশন প্যারেড, প্রস্তুত তিন হাজারের বেশি অগ্নিবীর
ওড়িশার আইএনএস চিলকা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত হতে চলেছে ভারতীয় নৌবাহিনীর এক ঐতিহাসিক গ্র্যাজুয়েশন প্যারেড। নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, এই ব্যাচটি এ যাবৎকালের বৃহত্তম। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিভিউয়িং অফিসার হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। এছাড়া সাউদার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ, ভাইস অ্যাডমিরাল সমীর সাক্সেনা প্যারেড পরবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
গত ১৬ সপ্তাহ ধরে এই তরুণ-তরুণীরা কঠোর শারীরিক ও মানসিক প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছেন। এই দীর্ঘ পর্বে তাঁদের সাঁতার, অস্ত্রচালনা, সামরিক কৌশল এবং প্যারেড ড্রিলের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান করা হয়েছে। নৌবাহিনীর মূল আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দলগত সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাঁরা দেশের সুরক্ষায় নিজেদের সম্পূর্ণ প্রস্তুত করে তুলতে পারেন।
অনুষ্ঠানে সেরার সেরা পারফরম্যান্সকারী অগ্নিবীর, শ্রেষ্ঠ ডিভিশন এবং প্রশিক্ষকদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। এই মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন অগ্নিবীরদের পরিবারবর্গ ও বিশিষ্ট অতিথিরা। যারা সরাসরি উপস্থিত থাকতে পারছেন না, তাদের জন্য নৌবাহিনীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুরো অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। ১৬ সপ্তাহের এই অগ্নিপরীক্ষা পেরিয়ে তিন হাজারেরও বেশি তরুণ-তরুণীর এই পদার্পণ ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের শক্তি ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে তুলবে।