বাড়িতেই তৈরি করুন দোকানের মতো সুস্বাদু মশলা চা
চায়ের স্বাদ ও সুগন্ধ বাড়াতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন বিশেষ মশলা। এই মশলা তৈরির জন্য প্রয়োজন গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, মৌরি, ছোট ও বড় এলাচ, শুকনো আদা, জয়ত্রী এবং জায়ফল। সঠিক অনুপাতে এই উপকরণগুলো ব্যবহার করলে চায়ের স্বাদ বহুগুণ বেড়ে যায়।
প্রথমে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ ও মৌরি হালকা আঁচে ৩০ সেকেন্ড ভেজে নিন। এরপর এলাচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে তার সঙ্গে শুকনো আদা গুঁড়ো, জয়ত্রী ও জায়ফল মিশিয়ে মিক্সিতে দিয়ে দানাদার করে গুঁড়ো করে নিতে হবে। এই মিশ্রণটিই আপনার চায়ের স্বাদ ও সুগন্ধ বৃদ্ধিতে সাহায্য করবে।
চা তৈরির সময় জল গরম করে তাতে চা পাতা, চিনি এবং সামান্য পরিমাণে এই মশলা মিশিয়ে নিন। এরপর দুধ দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট মশলা চা। দোকানের মতো স্বাদের এই চা বাড়িতে তৈরি করা অত্যন্ত সহজ এবং এটি চায়ের আড্ডাকে আরও উপভোগ্য করে তুলবে।